অসঙ্গায়িত সুখ

সুখের সংজ্ঞা কি ?
আর যাই হোক, এখন আমরা সুখ বলতে যা বুঝি তা কোনভাবেই সুখ না। লোভকে আমরা সুখ দিয়ে সংজ্ঞায়িত করি। এটা নেই, সেটা নেই; এটা পেলে সুখি হব, ওটা পেলে সুখি হব এই আমাদের ধারণা। মস্ত বড় ভুল। আসলেই কি আমরা সুখি হই ? নাকি খুশি হই ?! সুখি হওয়া আর খুশি হওয়া এক জিনিস না। সুখ চিরস্থায়ী, খুশি সাময়িক অনুভূতি।
রিকশাওয়ালা ভাবে প্রতিদিন পাঁচশ টাকা রোজগার করতে পারলে সে সুখি হবে, যেদিন পাঁচশ টাকা আয় করে সেদিন ছয়শ টাকার জন্য আফসোস করে। স্টুডিও এপার্টমেন্ট আর লেক্সাসের মালিক ভাবে "ইস!! যদি একটা পাঁচটারা হোটেলের মালিক হতে পারতাম, যদি একটা হেলিকপ্টার থাকতো !!" - এই আশা পূর্ণ হওয়ার পর কি সে সুখি হয়? হয়না। সাময়িক তৃপ্তি লাভ করে। দুইদিন পর নতুন চাহিদা সৃষ্টি হয়, ভাবে এই চাহিদা পূর্ণ হলে সে সুখি হবে।
সুখের পিছনে ছুটতে ছুটতে আমরা সুখকে ক্রমেই অধরা করে ফেলছি। বস্তু বা টাকা পয়সা অথবা ক্ষমতা সুখের একমাত্র মাপকাঠি হতে পারে না। এগুলো অবশ্যই প্রয়োজনীয় কিন্তু কখনই সুখের গ্যারান্টি দেয় না।
সুখের রহস্য একটাই, সন্তুষ্ট থাকা, ভালবাসা। পৃথিবীর বেশিরভাগ সুখি মানুষকেই দেখা গেছে নিজের যা আছে তা নিয়েই তাঁরা সন্তুষ্ট। তাঁরা সকলেই ভালবাসতে জানেন। অন্যকে ভালবাসা, সাহায্য করার মধ্যে যে সুখ তা অন্য কোথাও নেই।
লোভ-লালসা, স্বার্থের আড়ালে আমরা যেন সুখকে হারিয়ে না ফেলি।