ভালবাসা ১

আমার কাছে ভালবাসার কোন দেশ-কাল-পাত্র নেই। আমি কোন একজন মানুষকে ভালবাসি তাই বলে তার সব কাজ ভালবাসতে হবে অথবা একজন মানুষের কাজ ভালবাসি তাই বলে সেই মানুষটাকে ভালবাসতে হবে এরকমটা না। ভালবাসার ক্ষেত্রে পারিপার্শ্বিক অনেক বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত, আবার অনেক কিছুকে গুরুত্ব না দিলেও চলে।

বাবার ইচ্ছা ছিল আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব, হয়ে গেলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার। ভালোবাসা মরে যায়নি। প্রেমিকার ইচ্ছা ছিল বাংলা ছবির নায়কের মত নিখুঁত হব। হতে পারলাম না। ভালবাসার মৃত আত্মা এদিক-সেদিক ঘুরে বেড়ায়।
আরেকটা গুরুতর বিষয় হচ্ছে ভাললাগা। ভালোবাসা আর ভাললাগার মধ্যে আমরা প্রায়ই হাবুডুবু খাই। একটা জিনিস বা মানুষকে ভাললাগা মানেই ভালবাসা না। ভাললাগা হুট করে হয়, ভালবাসা হয় না। ভালবাসা হতে সময় লাগে, অল্প হলেও। মুরগির মাংস ভাললাগত খুব, একটা সময় খেতে খেতে এখন আর রুচি হয় না। এটা ভাললাগা ছিল। আর আইস্ক্রিম খাচ্ছি ছোটবেলা থেকে, কখনও মনে হয়নি; আর ভাল্লাগে না। এটা আইস্ক্রিমের প্রতি আমার ভালবাসা।
দুইজন মানুষকে আমি চিনি যারা নাকি আমাকে 'ভালোবাসতো'। আমাকে ছাড়া বাঁচবেই না। এমনসব কাজ করত ভালবাসা প্রমানের জন্য যে আমি রীতিমত অস্বস্তি বোধ করতাম। কিছুদিন পর তাদের উৎসাহে ভাটা পড়ল। অনেকদিন কারো কোন খবর নাই। আসলে তারা কেউই আমাকে ভালোবাসতো না। আমাকে তাদের ভাললাগত। একটা সময় এসে তাদের সেই ভাললাগা ফুরিয়ে গেছে। আমার প্রয়োজনও ফুরিয়ে গেছে। ভাললাগা ফুরিয়ে যায়, ভালবাসা ফুরায় না।
ভাললাগা ক্ষেত্র বিশেষে ক্ষণস্থায়ী, ভালবাসা চিরস্থায়ী।